আমরা দীর্ঘদিন গ্যাস সংকটে ভুগছি : মীর নাসির
- আপডেট সময় : ১২:২৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- / 76
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেছেন, আমরা ব্যবসায়ীরা কঠিন সময় অতিক্রম করছি। আমার মনে হয় বিগত দুই দশকেও এই অবস্থা ছিল না। তিনি বলেন, আমরা দীর্ঘদিন গ্যাস সংকটে ভুগছি। গ্যাস সংকটে ৩০ থেকে ৪০ শতাংশ শিল্প প্রতিষ্ঠান তাদের লক্ষ্য অনুযায়ী উৎপাদন করতে পারছে না। এই কষ্ট তাদের বহন করতে হচ্ছে।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে রাজধানীর তেজগাঁওয়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির উদ্যোগে আয়োজিত জনপ্রিয় অনুষ্ঠান ‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে তিনি এই কথা বলেন। এসময় মীর নাসির হোসেন বলেন, এটা বলা যাবে না যে, বর্তমান সরকারের তিন মাসেই এই অবস্থা সৃষ্টি হয়েছে, সেটা নয়। একটা দির্ঘদিনের।
মীর নাসির হোসেন আরও বলেন, ব্যাংকের সুদের হার, আমরা যখন তিন থেকে চার বছর আগে প্রজেক্ট নিয়েছিলাম তখন আট থেকে নয় শতাংশ ছিল। এখন সেটি ১৪ শতাংশের কাছাকাছি, কোনো কোনো ক্ষেত্রে বেশি। এতো সুদ দিয়ে কোনো ব্যবসা টিকে থাকতে পারে না, এটাই বাস্তবতা।
২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশার কথা সামনে রেখে উপস্থিত প্যানেল অতিথিরা তুলে ধরছেন তাদের ভাবনা। বিশেষ করে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, ডলার সংকট এবং ঋণের উচ্চ সুদহারের প্রভাব থেকে অর্থনীতিকে কীভাবে রক্ষা করা যায়, তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়।
অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে মীর নাসির হোসেন ছাড়াও উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পকিল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. ওয়ারেসুল করীম, জ্বালানি বিশেষজ্ঞ ড. এম শামসুল আলম, এবিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম ও বিটিএমইএর সভাপতি শওকত আজিজ রাসেলসহ বিশেষজ্ঞ আলোচকরা। বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও শিক্ষাবিদরা অংশগ্রহণ করছেন।
আসন্ন বাজেটটি যেন ব্যবসাবান্ধব এবং বর্তমান কঠিন পরিস্থিতির প্রেক্ষাপটে গ্রহণযোগ্য হয়, সেই প্রত্যাশা জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ।













