পশ্চিমবঙ্গ বিজেপি নেতা শুভেন্দুর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথকে গুলি করে হত্যা
- আপডেট সময় : ০২:৩৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / 51
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে।
বুধবার রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে এই হামলার ঘটনা ঘটে। খবরে প্রকাশ, কলকাতা থেকে ফিরছিলেন চন্দ্রনাথ দত্ত। একটি ছোট ধূসর রঙের হ্যাচব্যাক গাড়ি তাঁর স্করপিয়োর পিছু নেয়। বেশ কিছুটা রাস্তা অনুসরণ করার পর আচমকাই চন্দ্রনাথের গাড়ির সামনে এসে দাঁড়ায় সেই ছোট গাড়িটি। স্করপিয়ো থামতেই পিছন দিক থেকে একটি মোটরবাইক এসে পৌঁছয়। বাইকে থেকে চন্দ্রনাথকে লক্ষ্য করে একাধিক গুলি চালানো হয়। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
ভিভা সিটি হাসপাতালের চিকিৎসক প্রতিম সেনগুপ্ত জানান, “চন্দ্রনাথের বুকের বাঁদিকে দুটি গুলি লেগেছিল। গুলি সরাসরি তাঁর হৃদযন্ত্র (হার্ট) ফুটো করে বেরিয়ে যাওয়ায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।”
হামলায় গুরুতর আহত হয়েছেন গাড়ির চালক বুদ্ধদেব বেরাও। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারীদের ফেলে যাওয়া ছোট গাড়িটি জব্দ করেছে।
রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্ত জানান, ‘আমরা একটি গাড়ি ধরেছি (ধূসর হ্যাচব্যাক)। গাড়ির নম্বর ট্যাম্পার করা হয়েছে। নকল নম্বরটি শিলিগুড়ির। এই মুহূর্তে এটুকুই বলতে পারব। খুনে ব্যবহৃত কার্তুজ উদ্ধার হয়েছে।’
এদিকে, পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূল কংগ্রেস। বুধবার রাতে মধ্যমগ্রামে চন্দ্রনাথের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি বর্ষণ ও তাঁর মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে দলটি।
বিবৃতিতে তৃণমূলের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে আদালতের সরাসরি নজরদারিতে সিবিআই (CBI) তদন্তের দাবি জানানো হয়েছে।
তৃণমূলের দাবি, এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা প্রকৃত রহস্য এবং দোষীদের খুঁজে বের করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে নিরপেক্ষ অনুসন্ধান চালানো প্রয়োজন।













