চরভদ্রাসনে পদ্মা নদীতে বড়শিতে ধরা পড়লো কুমির
- আপডেট সময় : ০২:৪৫:০৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / 55
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের কাজীবাড়ি ঘাট এলাকায় পদ্মা নদীতে মাছ ধরার সময়
জেলেদের হাজারি বড়শিতে একটি কুমির ধরা পড়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ৭টার দিকে কুমিরটি ধরা পড়ে। খবর ছড়িয়ে পড়লে কুমিরটি দেখতে শত শত মানুষ
ঘাট এলাকায় ভিড় করেন। একই সঙ্গে নদীপাড়ের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিল্লাল খাঁ নামে একজন জেলে জানান, তারা নদীতে বহুবছর ধরে বড়শি পেতে মাছ ধরেন। চরভদ্রাসনের
গোপালপুর ঘাটের ভাটিতে তারা প্রায় পনের থেকে ষোল জনের মতো বড়শি পেতেছিলেন। সোমবার সকালে তাদের
একটি বড়শীতে কুমিরটি আটকে যায়। কুমিরটি প্রাচ পাঁচ হাতের বেশি লম্বা হবে। বিল্লাল খাঁ বলেন, তিনদিন
আগে আরো একটি কুমির বড়শিতে আটকে ছিলো। সেটি এরচেয়ে আরো বড় ছিলো। আমরা টেনে তোলার আগেই
সেটি বড়শি ছিড়ে চলে যায়।
জেলে শেখ ইলিয়াস জানান, কুমিরটি ধরা পড়ার সময় ঘাটের পশ্চিম পাশে আরও দুটি কুমির দেখতে পেয়েছেন
তারা। ওই দুটি আকারে আরও বড় ছিল বলে দাবি করেন তিনি। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
স্বপন বেপারী নামে একজন বলেন, কুমিরটি বড়শিতে আটকা পড়ার পর দ্রুত উদ্ধার করে ঘাট এলাকায় আনা
হয়। পরে বন বিভাগকে খবর দেওয়া হয়েছে।
চরভদ্রাসন থানার এসআই কাজী রিপন হোসেন বলেন, বিষয়টি জানার পর ওসির নির্দেশে পুলিশ দ্রুত ঘাটপাড়ে
অবস্থান নেয়, যাতে কেউ বন্যপ্রাণীটিকে আঘাত করতে না পারে। বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের
কর্মকর্তারা পরবর্তী ব্যবস্থা নেবেন।
চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন, বিষয়টি জানার পর বন বিভাগের বন্যপ্রাণী
সংরক্ষণ কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে। তারা এসে কুমিরটি উদ্ধার করে নিয়ে যাবেন।












