চীনা বাজারে বাংলাদেশি পণ্যের সুযোগ বাড়াতে ইউনান প্রদেশের সঙ্গে বিশেষ সমঝোতা
- আপডেট সময় : ১২:৪৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / 20
বাংলাদেশি পণ্যের চীনের বাজারে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করা, বিদেশি নতুন বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধি করার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও চীনের ইউনান প্রদেশ। সম্প্রতি কুনমিংয়ে ইউনান প্রাদেশিক বাণিজ্য বিভাগের সদর দপ্তরে এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশে নিয়োজিত কনসাল জেনারেল শাহানাজ রানু এবং ইউনান প্রাদেশিক বাণিজ্য বিভাগের মহাপরিচালক লি চাওওয়েই নিজ নিজ দেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বেগবান করার বিষয়ে বিষদ আলোচনা করা হয়।
বৈঠকে কুনমিং শহরে চূড়ান্ত হওয়া ‘বাংলাদেশ প্যাভিলিয়ন’ দ্রুত চালুর ওপর বিশেষ জোর দেওয়া হয়। এটি চালু হলে বাংলাদেশি পণ্যের প্রচার ও বিক্রয় অনেক সহজ হবে। পাশাপাশি সেখানে বন্ডেড ওয়্যারহাউস স্থাপন এবং চীনের জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে বাংলাদেশি পণ্য বাজারজাত করার ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছে ইউনান কর্তৃপক্ষ। এছাড়া চীনের সঙ্গে বাংলাদেশের আম রফতানিসংক্রান্ত চুক্তি দ্রুত বাস্তবায়নের পাশাপাশি পেয়ারাসহ অন্যান্য কৃষিপণ্যের জন্য চীনের বাজার সম্প্রসারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বস্ত্র ও পাটশিল্পের প্রশংসা করে চীনা পক্ষ জানায়, চায়না-সাউথ এশিয়া এক্সপোতে বাংলাদেশি পণ্যের উপস্থিতি বাজার বাড়াতে কার্যকর অবদান রাখবে। অন্যদিকে, নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্ভাবনা যাচাই করতে ইউনানের ব্যবসায়ীদের বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়, যা বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করার প্রতিশ্রুতি দিয়েছে ইউনান প্রাদেশিক বাণিজ্য বিভাগ।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ঢাকা ও কুনমিংয়ের মধ্যে সরাসরি ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি এবং দুই দেশের মাঝে সংযোগ করিডোর প্রতিষ্ঠার ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে চীনা কর্তৃপক্ষ। একই সঙ্গে আগামীতে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া গ্লোবাল সোর্সিং এক্সপো এবং বিজিএমইএ আয়োজিত বাণিজ্যিক প্রদর্শনীতে ইউনানের প্রতিষ্ঠানগুলোর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতে আহ্বান জানানো হয়েছে। উক্ত গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (বাণিজ্যিক) রিদওয়ানুর রহমান সহ ইউনান প্রাদেশিক সরকারের দক্ষিণ এশিয়াবিষয়ক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।












