চরযশোরদী ইউপি প্যানেল চেয়ারম্যান পদে শ্রমিক লীগ সেক্রেটারির নাম প্রস্তাব
- আপডেট সময় : ০২:২৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / 399
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ১ নং চরযশোরদী ইউনিয়নে ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকিরের মৃত্যুর পর থেকে পদটি শূন্য রয়েছে। এতে নাগরিক সেবা প্রদান ব্যাহত হচ্ছে। এ অবস্থায় ১ম প্যানেল চেয়ারম্যান ইমারত হোসেনকে বাদ দিয়ে ২য় নম্বরে থাকা শ্রমিক লীগের ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনকে চেয়ারম্যানের ক্ষমতা অর্পণের জন্য নাম প্রস্তাব করেছেন পরিষদের মেম্বারেরা। তবে দুর্নীতির আশ্রয় নিয়ে এটি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, গত ২৩ জুলাই চরযশোরদীর চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির মারা যান। গত ৪ আগস্ট নগরকান্দা ইউএনও কার্যালয় থেকে জেলা প্রশাসকের দপ্তরে পাঠানো এক নথিতে জানানো হয়, পূর্বে গঠনকৃত ১নং প্যানেল চেয়ারম্যান মোঃ ইমারত হোসেনের বিরুদ্ধে আপত্তি উত্থাপন করে মোঃ দেলোয়ার হোসেনকে ১নং প্যানেল চেয়ারম্যান করা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান না থাকায় সেখানে সেবা পেতে নাগরিকগণ বিড়ম্বনার শিকার হচ্ছেন।
সাংবাদিকদের নিকট ইমারত হোসেন অভিযোগ করেন, তার দায়িত্ব গ্রহণের জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন করার পর মেম্বাররা তার নিকট এক লাখ টাকা করে ঘুষ দাবি করেন। ঘুষের টাকা না দেওয়ায় তারা দুর্নীতির আশ্রয় নিয়ে শ্রমিক লীগের নেতাকে সেই দায়িত্ব দেওয়ার জন্য নাম প্রস্তাব করেছেন।
জানতে চাইলে দেলোয়ার হোসেন সাংবাদিকদের নিকট শ্রমিক লীগের ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক পদে থাকার সত্যতা অস্বীকার করে বলেন, যিনি একথা বলেছেন, সেই ইমারত হোসেনেরও আওয়ামী লীগের উপজেলা কমিটিতে পদ রয়েছে। অবশ্য তিনি এও বলেন, চরযশোরদী ইউনিয়নটাই আওয়ামী লীগ অধ্যুষিত। ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ বাদ দিলে কোন মেম্বারই খুঁজে পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি। তবে জনগণের প্রতিনিধি হিসেবে তারা সরকারের সাথে কাজ করেন উল্লেখ করে তিনি বলেন, যখন যেই সরকার আসে, সেই সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা জনগণের সুবিধার্থে কাজ করি।













