টানা বর্ষণে ফরিদপুরে জলাবদ্ধতায় চরম দুর্ভোগ
মেডিক্যাল হাসপাতাল সহ ডুবলো বিভিন্ন রাস্তাঘাট বাসাবাড়ি
- আপডেট সময় : ০৮:৪৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / 113
টানা বর্ষণে ফরিদপুরের বিভিন্নস্থানে মারাত্মক জলাবদ্ধতায় সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হন। এরমধ্যে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পুরনো ভবনের নিচতলায় ইমার্জেন্সি ও বিভিন্ন ওয়ার্ডের ফ্লোরে পানি উঠে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হয় সকলকে। এছাড়া শহরের ড্রেনেজ ব্যবস্থায় পানি নিষ্কাশন হতে না পেরে বিভিন্ন বাসাবাড়িতে পানি উঠে গেছে। শহরের বিভিন্ন সড়কেও তৈরি হয়েছে জলাবদ্ধতা। অনেক রাস্তার উপরের অংশ এতে অনেক ক্ষতি হয়েছে। এতে নিচু এলাকার বিভিন্ন রাস্তাঘাট ও ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও কৃষকেরা।
সরেজমিনে দেখা গেছে, একটানা গত চারদিনের বৃষ্টির ফলে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পুরনো ভবনের নিচতলার ফ্লোরে পানি উঠে জলাবদ্ধতা তৈরি হয়। এতে সেখানে অবস্থানরত চিকিৎসক, রোগী ও আগন্তুকদের চরম ভোগান্তি পোহাতে হয়।
শহরের হাবেলী গোপালপুর ও আলীপুরের চক সহ বিভিন্নস্থানে ঘরবাড়িতে পানি উঠে জলাবদ্ধতা তৈরি হয়। শহরের পুলিশ লাইন ও সার্কিট হাউজের মধ্যবর্তী সড়কে গত কয়েকদিন ধরেই বৃষ্টির পানি জমে রয়েছে। পাশে জেলা পুলিশ অফিসের পিছনের সড়ক সহ বিভিন্ন সড়কের পাশেও পানি জমে থাকতে দেখা গেছে। শহরের গুরুত্বপূর্ণ মেডিক্যাল কলেঝ হাসপাতালের মেইন গেটের সামনে পানি জমে রোগীদের আসা যাওয়ায় নিদারুণ বিঘ্ন ঘটে। বিভিন্নস্থানে একনাগাড়ে বৃষ্টির ফলে সড়কের ক্ষতি হয়েছে।
শহরের হাবেলী গোপালপুর মহল্লার বাসিন্দা হেলাল খান বলেন, তার বাড়ি ওই এলাকার রকিবউদ্দিন সড়কে অবস্থিত। বাড়ির সামনে পৌরসভা থেকে ড্রেন করা হয়েছে। কিন্তু ড্রেনের শেষের দিকে নিচু এবং সামনের অংশ উচু হওয়ায় বৃষ্টির পানি নিষ্কাশন হতে পারছে না। হেলাল বলেন, এগুলো বৃষ্টির পানি না, ড্রেনের পানি। পানিতে তীব্র দুর্গন্ধ রয়েছে। আমরা বাসায় থাকতে পারছি না। সব ঘর ডুবে গেছে। ভীষণ কষ্টে রয়েছে আমরা।
সরেজমিনে দেখা গেছে, হাবেল গোপালপুরে হেলাল খানদের বাড়ির ঘরের মধ্যে হাটু সমান পানি জমে রয়েছে। ঘরের মধ্যে বিভিন্ন মালসামানা যতপুকু পেরেছেন পানি থেকে রক্ষার চেষ্টা করছেন। কিন্তু পেরে উঠছেন না। অনেক মালামাল পানিতে ক্ষতিগ্রস্থ হয়েছে। এই জলাবদ্ধতায় তাদের অনেক টাকার ক্ষতি হয়ে গেছে। একই অবস্থা বর্ধিত পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডেও। এসব জায়গায় কাঁচা সড়ক ও কাঁচা ঘরবাড়ি বৃষ্টিতে ধসে গেছে।
অনেকস্থানে দেখা গেছে, বিভিন্ন খাল ও নালায় জলাবদ্ধতার কারণে পানির চাপ বৃদ্ধি পেয়েছে। যার ফলে আশপাশের নিচু এলাকাগুলোতে নতুন করে পানি ঢুকছে। গতকাল সোমবার দুপুরে সরেজমিনে ফরিদপুর পৌরসভার ২৫ নং ওয়ার্ডের সফির ব্রিজ সংলগ্ন এলণাকায় যেয়ে দেখা যায়, অতিরিক্ত বৃষ্টির কারণে ওই এলাকায় তীব্র জলাবদ্ধতা তৈরি হয়েছে। ভুক্তভোগীরা এর প্রতিকার দাবি করেছেন।




















