টেকনাফে গহিন পাহাড়ে মিললো ৩ তরুণের রক্তাক্ত মৃতদেহ
- আপডেট সময় : ০২:১৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / 62
কক্সবাজারের টেকনাফে গহিন পাহাড়ে রক্তাক্ত অবস্থায় তিন যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে বাহারছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর শীলখালী এলাকার পাহাড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উত্তর শীলখালী এলাকার রুহুল আমিনের ছেলে আমিনুল ইসলাম রবি (১৯), মৃত নুরুল কবিরের ছেলে মুজিবুর রহমান (৩৮) এবং মৃত নুরুল ইসলামের ছেলে নুর বশর (২০)। তারা সকলেই স্থানীয় বাসিন্দা। এ ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছেন জানা গেছে।
পুলিশ জানায়, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অপর দুইজনকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, পাহাড় থেকে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপহরণ ও মানবপাচারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে নিহতদের বিরুদ্ধে অপহরণ ও মানবপাচারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তবে এসব তথ্য যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। ঘটনার সাথে কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে।
জানা যায়, সকালে কয়েকজন শ্রমিক পাহাড়ের পূর্ব পাশে কাজ করতে গেলে ওই মৃতদেহগুলো পড়ে থাকতে দেখেন। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন এবং পুলিশে খবর দেওয়া হয়।
নিহত রবির বাবা রুহুল আমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে তিনি ছেলের মৃতদেহ সনাক্ত করেন।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ুন কাদের জবলেন, সকালে স্থানীয়রা পাহাড়ের পাশ থেকে তিনটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। নিহতদের মধ্যে একজন তার আত্মীয় বলে জানান তিনি। তিনি জানান, এ ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছেন, যাঁদের সন্ধানে খোঁজ চলছে।
বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় বিশ্বাস বলেন, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।













