প্রথমদিনেই ৯টার আগে অফিসে হাজির ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন পলাশ
- আপডেট সময় : ০২:২১:৩৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / 97
ফরিদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আফজাল হোসেন খান পলাশ প্রথম কর্মদিবসে জেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হওয়ার পর কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। ছবি- অগ্নিপ্রহর
ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ বলেছেন, বাংলাদেশের ৬৪ জেলা পরিষদের মধ্যে ফরিদপুর জেলা পরিষদ ব্যতিক্রমী কিছু করলে তার সুফল আপনারাও পাবেন, আমিও পাবো। আমি কোন ভুল করলে সেটি ধরিয়ে দিবেন। আমি সংশোধন করে নিবো।
রোববার সকাল পৌনে ৯টায় প্রথম কর্মদিবসে তিনি ফরিদপুর জেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে একথা বলেন। সকাল ৮টা ৫০ মিনিটে তিনি জেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হন। জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর প্রথম কর্ম দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় মহানগর বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক এবি সিদ্দিকী মিতুল, আরেফিন সাগর, মিজানুর রহমান মিনান, আরিফুজ্জামান অপু, এমদাদুল হক, আদনান খান প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় আফজাল হোসেন খান পলাশ বলেন, আমি একজন নির্বাচিত প্রধানমন্ত্রীর নিয়োগকৃত কর্মচারী। দুর্নীতিতে জিরো টলারেন্স অবলম্বন করা হবে। আমাকে জেলা পরিষদের কর্মকাণ্ডে সবসময়েই পাবেন ইনশাআল্লাহ।
তিনি বলেন, আমি একজন নির্বাচিত প্রধানমন্ত্রীর নিয়োগকৃত কর্মচারী। দুর্নীতিতে জিরো টলারেন্স অবলম্বন করা হবে। আমাকে জেলা পরিষদের কর্মকাণ্ডে সবসময়েই পাবেন ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সকাল ৯টায় অফিস করেন। আমি এই কালচারে কোনদিন আসি নাই। তাঁকে অনুসরণ করে আজ আমি ৯টার আগেই অফিসে এসেছি। জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী- আপনারাও এটি পালন করবেন, আমরা সবাই নিয়ম মেনে চলবো।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: বাকাইদ হোসেন ও নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা, ফরিদপুর জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ কুমার ভৌমিক, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন চৌধুরী, জেলা পরিষদের মুখপত্র সাপ্তাহিক গণমনের নির্বাহী সম্পাদক ও ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এসএম তমিজউদ্দিন তাজ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৮টায় শহরের ২ নম্বর হাবেলি গোপালপুরস্থ বাসভবন থেকে বেরিয়ে আফজাল হোসেন খান পলাশ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কমলাপুরস্থ ময়েজমঞ্জিলে সাবেক মন্ত্রী, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, ফরিদপুর-৩ আসনের এমপি চৌধুরী নায়াব ইউসুফের পিতা মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের কবর জেয়ারত করেন। দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নগরকান্দার লস্করদিয়ায় বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের পিতা কেএম ওবায়দুর রহমানের কবর জেয়ারত করেন জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ।










