গভীর রাতে ঘরের জানালা ভেঙে তুলে নিয়ে কিশোরীকে গণধর্ষণ: আটক ২
- আপডেট সময় : ০৯:৪৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
- / 47
ফরিদপুরের সদরপুরে ঘরের জানালা ভেঙে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে হেলাল মৃধা (২০) ও রইস শিকদার (১৬) দুই তরুণকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ভাষাণচর ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই কিশোরীকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
ওই কিশোরীর চাচা আবু তালেব জানান, ঘটনার রাতে মেয়েটির দাদির চোখের চিকিৎসার জন্য তার মা ও পরিবারের লোকেরা ফরিদপুরের একটি হাসপাতালে ছিলেন। বাড়িতে মেয়েটি ছাড়া তার ছোট ভাই ও বোন ছিলো। রাত ১টার দিকে ১০ থেকে ১৫ জনের একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে বাড়িটি ঘিরে ফেলে। তারা ঘরের দরজা খোলার চেষ্টা করে। পরে ঘরের জানালা ভেঙে মেয়েটিকে জোর করে টেনে-হিঁচড়ে তুলে নিয়ে যায়। এ সময় স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে বাধা দেওয়ার চেষ্টা করে বলেও তিনি জানান।
এদিকে মেয়েটিকে একটি মোটরসাইকেলে তুলে পাশের গ্রামের একটি পুকুরপাড়ে নিয়ে তিনজন মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করে রাত ৩টার দিকে তাকে ফের বাড়ির উঠানে ফেলে রেখে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে ধাওয়া দিয়ে একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেন। পরে গণপিটুনি দিয়ে তাদের সদরপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগীর মা বলেন, আমার মেয়েকে ঘরের জানালা ভেঙে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে। আমি এই ঘটনায় জড়িতদের ফাঁসি চাই।
ভুক্তভোগীর খালা সাথি আক্তার শুক্রবার সন্ধ্যায় জানান, দুর্বৃত্তরা জানালা ভেঙে ঘরে ঢুকে আমার বোনের মেয়ের চুলের মুঠি ধরে টেনে-হিঁচড়ে বের করে নিয়ে যায়। বর্তমানে সে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এ ধরনের পৈশাচিক ঘটনা যেন আর কোনো মেয়ের সঙ্গে না ঘটে।
জানতে চাইলে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শামছুল আজম বলেন, এ ঘটনায় আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকাবাসী যে দুজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে, তারা বর্তমানে থানা হেফাজতে রয়েছে।













