ক্যাশবাক্স ভাঙচুর করে ১ লাখ ৬০ হাজার টাকা লুট করে
ফরিদপুরে পেট্রোল পাম্পে গভীররাতে লুটপাট
- আপডেট সময় : ০৪:২৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / 165
ফরিদপুর শহরের মুন্সিবাজারে একটি পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনা ঘটেছে। নজেলম্যানদের মারধর ও বেঁধে রেখে ক্যাশ রুম থেকে ১ লাখ ৬০ হাজার টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে ডাকাতদল। পুলিশ জড়িতদের শনাক্তে কাজ করছে।
ফরিদপুর শহরের মুন্সিবাজারে ইউনাইটেড পেট্রোল পাম্পে ডাকাতি হয়েছে। এতে প্রায় দেড় লাখ টাকা সহ মালামাল লুট করা হয়েছে।
সোমবার ভোররাত পৌনে ৫টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে বিষয়টি তদন্ত শুরু করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুখোশ বেধে ১১ জনের একদল ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সোমবার ভোররাতের দিকে ওই পেট্রোল পাম্পে হানা দেয়। এরপর পাম্পের নজেলম্যান সিদ্দিক মিয়া ও চিত্ত দাসকে মারধর করে হাত বেঁধে পাম্পের ভেতরে নিয়ে যায়। ডাকাতেরা গ্রিলের দরজার তালা ভেঙে ক্যাশ রুমে ঢুকে ক্যাশবাক্স ভাঙচুর করে সেখানে রাখা ১ লাখ ৬০ হাজার টাকা লুট করে।
এছাড়া ডাকাতদল পাম্পের সহকারী ম্যানেজার সোহেল আহমেদের একটি মোবাইল ফোন, মানিব্যাগ ও তার মোটরসাইকেলের গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং নজেলম্যান সিদ্দিক মিয়ার মোবাইল ফোনও ছিনিয়ে নিয়ে যায়।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিষয়টির খোঁজখবর নেয়।
জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি জানতে পেরে গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্তে কাজ করছে পুলিশ।













