বোয়ালমারীতে জামায়াত নেতার বাড়ি থেকে ইমাম-মুয়াজ্জিনদের বরাদ্দের চাল উদ্ধার
- আপডেট সময় : ১২:৩২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / 68
ফরিদপুরের বোয়ালমারীতে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জামায়াত নেতা আব্দুস সামাদ খানের বাড়ি থেকে ঈদুল আজহা উপলক্ষে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের ৬৩০ কেজি চাল উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (২০ মে) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে বোয়ালমারী পৌরসভার আঁধারকোঠা গ্রামে সামাদ খানের বাড়ির নিচতলা থেকে এসব চাল উদ্ধার করা হয়। এ সময় পৌরসভার নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ কেজির ১২ বস্তা চাল ও খুচরা ৩০ কেজিসহ মোট ৬৩০ কেজি চাল উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত চাল পৌরসভায় জব্দ তালিকাভুক্ত করে হস্তান্তর করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ বস্তায় মোট ৬৩০ কেজি চাল উদ্ধার করা হয়েছে। চালগুলো পৌরসভায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে সরকারিভাবে পৌর এলাকার ইমাম ও মুয়াজ্জিনদের জন্য ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়।
তবে এ ঘটনার পর জামায়াত নেতা ও সাবেক কাউন্সিলর আব্দুস সামাদ খান বলেন, প্রতি বছরই ইমাম-মুয়াজ্জিনদের চাল আমার বাড়িতে এনে রাখা হয়। এর সঙ্গে আমার কোনো ব্যক্তিগত সংশ্লিষ্টতা নেই। আমাকে রাজনৈতিকভাবে হয়রানি ও ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
য়ালমারী ইমাম পরিষদের সাধারণ সম্পাদক সাহেব আলী বলেন, বিকেল ৩টার দিকে পৌরসভা থেকে চাল এনে সামাদ খানের বাড়িতে রাখা হয়। আগামী সোমবার ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে তা বিতরণের কথা ছিল। কিন্তু পরে প্রশাসন এসে চাল নিয়ে যায়।













