আলফাডাঙ্গায় বুদ্ধি প্রতিবন্ধী সোহেলের শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিলেন আ.লীগ নেতা
- আপডেট সময় : ০৫:১৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
- / 40
ফরিদপুরের সহস্রাইল বাজারে এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের শরীরে চায়ের কেটলির গরম পানি ঢেলে ঝলসে দিয়েছেন আক্তার খালাসি নামে এক আওয়ামী লীগ নেতা। নৃশংস নির্যাতনের এ ঘটনায় এলাকায় নিন্দার ঝড় উঠেছে।
জানা গেছে, বুদ্ধিপ্রতিবন্ধী সোহেল (২৫) আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া গ্রামের দরিদ্র দিনমজুর শাহজাহান মোল্লার ছেলে।
সহস্রাইল বাজারের চায়ের দোকানদার বাবলু জানান, মঙ্গলবার সন্ধ্যার আগে তার চায়ের দোকানের বেঞ্চে বসে চাই পান করছিলেন আক্তার খালাসি সহ কয়েকজন। এসময় বুদ্ধি প্রতিবন্ধী সোহেল পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে হাত টানাটানি করে। তাকে ছাড়াতে গেলে সে আক্তার খালাসি পাঞ্জাবিরা গলা ধরতে টানতে থাকে।
বাবুল বলেন, এসময় সোহেলকে ছাড়াতে আক্তার খালাসি চায়ের কেটলি দিয়ে আঘাত করে। এতে কেটলির গরম পানি তার শরীরে পড়ে বুক থেকে পা পর্যন্ত অংশ ঝলসে যায়। এরপর তাকে দ্রুত আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় প্রেরণ করা হয়।
সোহেলের বাবা শাহজাহান মোল্লা বলেন, ডাক্তার ঢাকায় নিয়ে যেতে বলছে। কিন্তু কিভাবে তাকে নেবো, কেমনে চিকিৎসার খরচ চালাবো বুঝতে পারতেছি না। তিনি জানান, তার ছেলে সোহেল একজন ভাতাপ্রাপ্ত বুদ্ধি প্রতিবন্ধী।
এ বিষয়ে জানতে আক্তার খালাসির সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত বলেন, আহতাবস্থায় সোহেলকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর তার এই অবস্থা সম্মন্ধে জানতে পারি। তাকে ঢাকায় নিয়ে যেতে বলেছেন স্থানীয় চিকিৎসকেরা। আমরা তার পরিবারকে দ্রুত ঢাকায় নিয়ে চিকিৎসার ব্যবস্থা করার পরামর্শ দিয়েছি।
ওসি বলেন, ঘটনাটি বোয়ালমারী থানার অন্তর্গত হওয়ায় ভুক্তভোগীদের বোয়ালমারী থানায় যেয়ে অভিযোগ দিতে বলেছি।
তবে সোহেল মোল্লার দরিদ্র পরিবার তাকে নিয়ে চিকিৎসার জন্য ব্যস্ত থাকায় তাদের পক্ষে বোয়ালমারী থানায় যেয়ে এখন পর্যন্ত অভিযোগ জানানো সম্ভব হয়নি।
এদিকে, এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে স্থানীয়দের দাবি, এমন অমানবিক ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।












