‘‘যত কাজ করতে পারবো, ততোই ষড়যন্ত্র রুখে দিতে পারবো’’
- আপডেট সময় : ১১:১৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / 61
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী নায়াব ইউসুফ এমপি। ছবি- অগ্নিপ্রহর
ফরিদপুর-৩ আসনের নির্বাচিত এমপি চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, “আমাদের এখন কাজ করতে হবে। যত কাজ করতে পারব, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র ততই রুখে দিতে পারব। কেউ আমাকে এখানে আটকাতে পারবে না।” তিনি আরও বলেন, “আমার কাছ থেকে এই কাজগুলো আপনাদের বের করে নিয়ে আসতে হবে। আমার একটা স্বাক্ষরে আপনাদের একটা রাস্তা হবে, একটা মন্দির হবে, মসজিদ হবে; আপনাদের দায়িত্ব আমার কাছ থেকে কাজগুলো আদায় করে নেওয়া। আমি আপনাদের কাজ করার জন্য সর্বদা প্রস্তুত।”
বুধবার বিকেলে শহরের ২নং হাবেলী গোপালপুর মহল্লায় বাসভবন প্রাঙ্গণে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ এমপি এসব কথা বলেন।
তিনি বলেন, “এই নির্বাচনে আমি এক লাখ ৪৮ হাজার ভোট পেয়েছি, এটি কম কথা না। ফরিদপুরে বিএনপির এমপি আপনারা জিতিয়ে এনেছেন আপনাদের অক্লান্ত পরিশ্রমে। তাই আমরা কাজ করতে পারব এবং কাজ আমি করবই। আল্লাহ আমাদের সেই ক্ষমতা দিয়েছেন।”
নায়াব ইউসুফ বলেন, “আল্লাহর রহমতে অনেক ভোট আমি পেয়েছি। অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু মানুষ আমাকে তার চেয়েও বেশি ভোট দিয়েছে। এই কারণেই আমরা ষড়যন্ত্র রুখে দিতে পেরেছি। জনগণ আমাদের দলের সাথে ছিল, আমার সাথে ছিল। আমি ফরিদপুরবাসীর প্রতি খুবই কৃতজ্ঞ।”
তিনি বিএনপি নেতা আফজাল হোসেন খান পলাশের বক্তব্যে নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের কথা উল্লেখ করায় তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, “সবাই সাহসের সাথে ষড়যন্ত্রের কথা বলতে পারেন না।”
আফজাল হোসেন খান পলাশ এ সময় তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর এই সদর-৩ আসনে সর্বপ্রথম নির্বাচিত সংসদ সদস্য আমাদের প্রিয় নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফের সুযোগ্য উত্তরসূরী ও ফরিদপুরের আগামী দিনের বিএনপির কাণ্ডারি চৌধুরী নায়াব ইউসুফ। আমরা যারা অন্তরের অন্তঃস্থল থেকে ধানের শীষের জন্য কাজ করেছি, তাদের একটি মিলনমেলা করার কথা ছিল নর্থচ্যানেলে। কিন্তু সেখানে কালো টাকার থাবা পড়েছে। ফরিদপুরের একজন ধনাঢ্য ব্যক্তি প্রতি ভোটারের পেছনে দুই-তিন হাজার টাকা খরচ করে আমাদের ২০-৫০ হাজার ভোট নষ্ট করেছে। ওই চক্রান্তকারীদের মুখোশ আজ উন্মোচন হয়ে গেছে।”
সভায় আরও বক্তব্য দেন মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিকী মিতুল, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শামীম আহমেদ প্রমুখ। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি একটি সুন্দর-গোছালো ইফতার মাহফিল আয়োজন করায় বিএনপি নেতা আফজাল হোসেন খান পলাশকে ধন্যবাদ জানান। ইফতার মাহফিলে প্রধান অতিথি চৌধুরী নায়াব ইউসুফ এমপি সহ সকল আমন্ত্রিতদের অতিথি হিসেবে বিশেষ পরিচয়পত্র সম্বলিত গলায় ঝুলানো কার্ড দেওয়া হয়। যা একটু ব্যতিক্রমীই ছিলো।











