গণতন্ত্র একটি ‘এভরিডে’ বিষয় -ইসমাইল জবিউল্লাহ
- আপডেট সময় : ০৫:০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / 50
গণতন্ত্র পাঁচ বছর পরে একটি নির্বাচন অনুষ্ঠানের বিষয় নয় উল্লেখ করে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেছেন, আমরা গণতান্ত্রিক আন্দোলন করেছি, গণতান্ত্রিক মুভমেন্ট করেছি এবং একটি নির্বাচনের ব্যবস্থা করেছি। কিন্তু এটি আসলে গণতন্ত্র নয়। তিনি বলেন, ৫ বছর পর নির্বাচন হবে এবং তারপর গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, এইটা আসলে গণতন্ত্র নয়। গণতন্ত্র হলো এভরিডে ম্যাটার। এটি প্রতিনিয়ত-প্রতিদিনের বিষয়। প্রতিদিন সকালে পেপারে আপনার সমালোচনা দেখে সে অনুযায়ী নিজেকে শুধরে নিবেন, তবেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।
বৃহস্পতিবার দুপুরে “ফরিদপুর হেরিটেজ” নামে ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ ভিত্তিক একটি প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের শেষ পর্যায়ে একথা বলেন। এছাড়া তিনি দেশে জ্বালানি তেলের সংকট নেই, আগামী দিন মাস দাম বাড়ানো হবেনা বলেও জানিয়েছেন।
ইসমাইল জবিউল্লাহ তার বক্তব্যে বিএনপির নির্বাচনী ইশতেহার প্রসঙ্গ টেনে বলেন, এই ইশতেহার অনুযায়ী জনগণ যেই আমানত প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে অর্পণ করেছেন, সেটি যেনো তিনি রক্ষা করতে পারেন, সেজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি শিল্প-সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণের উপর গুরুত্ব দিয়ে বলেন, বাংলাদেশের জাতীয় পরিচয় ও মূল্যবোধের ওপর ভিত্তি করে একটি সৃজনশীল ও প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলা বিএনপির নির্বাচনের ইশতেহারের অঙ্গীকার। সেখানে প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং জাতীয় ঐতিহ্য রক্ষা ও রক্ষণাবেক্ষণের কথা বলা হয়েছে। আমরা অঙ্গীকার বাস্তবায়নে সচেষ্ট আছি।
ফরিদপুর হেরিটেজের আহ্বায়ক সাংবাদিক মফিজ ইমাম মিলনের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য দেন জেলা প্রশাসক কামরুল ইসলাম মোল্লা, পুলিশ সুপার নজরুল ইসলাম, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, অধ্যাপক আলতাফ হোসেন, অধ্যাপক এম এ সামাদ প্রমুখ। সূচনা বক্তব্য দেন ফরিদপুর হেরিটেজের সদস্য সচিব ফারাহ দিবা আহমেদ।
পরে জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ফিতা কেটে ফরিদপুর হেরিটেজের উদ্বোধন করেন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এর আগে সকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘাড়ুয়া ইউনিয়নের রশিবপুরায় নদী খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো ইসমাইল জবিউল্লাহ।
এসময় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, জেলা প্রশাসক কামরুল ইসলাম মোল্লা, পুলিশ সুপার মো: নজরুল ইসলাম, জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টার ব্যক্তিগত সহকারী মীর সোলাইমান প্রমুখ উপস্থিত ছিলেন।











